
২৬৬ তম সাপ্তাহিক পাবলিক লেকচার
বিষয়: বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার ইতিহাস
বক্তা: মাশরুর শাকিল
তারিখ: ০৭ মে, ২০১৭
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানের প্রথম টেলিভিশনের প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেসময় টেলিভিশনে নিয়মিত সংবাদপত্র পাঠ করা হলেও তা নিরপেক্ষ ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিল না। স্বাধীনতার পর টেলিভিশন খাত সম্পূর্ণ পৃষ্ঠপোষকতাহীন হয়ে গেলেও জামিল চৌধুরী এবং কলিম শরাফীদের মতো ব্যক্তিত্বদের দৃঢ় প্রত্যয় ও উদ্যোগেই এদেশে টেলিভিশন এবং টেলিভিশন সাংবাদিকতার বিকাশ ঘটে। তবে বেসরকারী টেলিভিশন চ্যানেল এবং প্রযুক্তির বিকাশের ফলে টেলিভিশন সাংবাদিকতা এখন বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়। বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০টির মত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে সংবাদভিত্তিক চ্যানেলও রয়েছে।
এসি নেলসনের সমীক্ষা মতে, দেশের প্রায় ৬৬ শতাংশ মানুষের কাছে টেলিভিশন সংবাদের জনপ্রিয়তা রয়েছে। ২০০৮ সালের নির্বাচন, শাহবাগের গণজাগরণ মঞ্চ, যুদ্ধপরাধীদের বিচারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মূহুর্তে টেলিভিশন সাংবাদিকতার প্রশংসনীয় ভূমিকা থাকলেও সুনির্দিষ্ট নীতিমালা এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার প্রশিক্ষণের অভাবে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার মান প্রশ্নের মুখোমুখি হয়েছে।
প্রতিনিয়ত যা কিছু ঘটছে, তা সকলের নিকট পৌঁছে দেওয়াই সংবাদমাধ্যমের কাজ। টেলিভিশন সাংবাদিকতার মাধ্যমেই সংবাদ সবচেয়ে বেশী মানুষের কাছে খুব দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া যায়। ১৯৬০ এর দশকের কিছু যুগান্তকারী ঘটনা টেলিভিশন সাংবাদিকতাকে সারা বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে। ১৯৬৩ সালে জন এফ কেনেডির মৃত্যু, ভিয়েতনামের যুদ্ধ এবং চাঁদে মানুষের অবতরণসহ বিভিন্ন যুগান্তকারী ঘটনা সরাসরি টেলিভিশনে সম্প্রচারের পর টেলিভিশন সাংবাদিকতার জনপ্রিয়তা তুঙ্গে উঠে। এছাড়া সংবাদভিত্তিক যেমন বিবিসি, সিএনএন, আল জাজিরা এবং এনডিটিভিসহ বিভিন্ন চ্যানেলের আত্মপ্রকাশের ফলে টেলিভিশন সাংবাদিকতার বিকাশ সারাবিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চার বছরের স্নাতক কোর্স চালু হয়। তবে এ বিভাগের যাত্রা শুরু ১৯৬২ সালে, তখন এক বছরের সান্ধ্যকালীন ডিপ্লোমা কোর্স ছিল। ১৯৬৮ সালে দুই বছরের এম.এ কোর্স চালু হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে এক বছরের ডিপ্লোমা কোর্স বাদ দেওয়া হয় এবং তিন বছরের স্নাতক কোর্স প্রবর্তন করা হয়। ভারতীয় উপমহাদেশে সাংবাদিকতায় এটা প্রথম স্নাতক কোর্স ছিল। বর্তমানে অন্তত দশটির বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ থাকলেও টেলিভিশন সাংবাদিকতাকে কম গুরুত্ব দেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি প্রতিষ্ঠিত টেলিভিশন ও মিডিয়া স্টাডিজ বিভাগে টেলিভিশন সাংবাদিকতাকে গুরুত্বসহকারে অধ্যয়ন করা হচ্ছে।