
৪৯৩ তম সাপ্তাহিক পাবলিক লেকচার
বিষয়: বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় আকাঙ্ক্ষার পথে দিকভ্রান্ত যাত্রা
বক্তা- ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার
তারিখ: ৪ মার্চ, ২০২৩
একটি জাতির পরিপূর্ণ বিকাশ এবং মানবসম্পদ তৈরিতে শিক্ষার কোনো বিকল্প নাই। কিন্তু বাংলাদেশের উচ্চশিক্ষা গভীর সংকটের মুখে পতিত হয়েছে। শিক্ষাব্যবস্থায় বণিকবৃত্তির প্রভাব ও গলদের কারণে উচ্চ দক্ষতা, উদ্ভাবনী ও গভীর চিন্তাসম্পন্ন এবং সমস্যা সমাধান করার দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরি হয়নি।
১৯৭২ সালে গঠিত হয় কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন। এরপর পেড়িয়ে গেছে অর্ধ-শতাব্দি। কিন্তু সময়ের ব্যবধানে উচ্চ শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তন হয়নি। মানসম্মত শিক্ষাদানের বিষয়টি এখনো অধরাই থেকে গেছে।

বাংলাদেশের উচ্চশিক্ষায় সংকটের পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করে অযোগ্য শিক্ষক কর্তৃক পাঠদান। বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার যোগ্যতা হিসেবে অনার্স-মাস্টার্স ডিগ্রি থাকাকে বাধ্যতামূলক করা হয়। আবার অনেক সময় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে শুধু ভাইবার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ফলে যোগ্যরা বঞ্চিত হয়, এতে ক্ষতিগ্রস্ত হয় পুরো শিক্ষাব্যবস্থা।
এ সংকট মোকাবেলায় শিক্ষাব্যবস্থাকে জীবনমুখী, বাস্তবধর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সনাতন শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। কেননা এই পাঠ্যক্রম শিক্ষককেন্দ্রিক এবং এটি শিক্ষার্থীদের বিভিন্ন জীবন সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি করার জন্য প্রস্তুত করে না। সনাতন পাঠ্যক্রম সম্পূর্ণভাবে বিষয়কেন্দ্রিক।
Recorded Lecture: https://www.youtube.com/watch?v=i04TZ8OsAL8